সুপারি গাছে না ওঠায় শিশু রিয়াদকে ছুরিকাঘাতে হত্যা
লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় রিয়াদকে একটি সুপারি গাছে উঠে সুপারি পেড়ে দিতে বলে রুবেল। কিন্তু রিয়াদ গাছে উঠতে অসম্মতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে সে ধারালো ছুরি দিয়ে রিয়াদের শরীরে মারাত্মক আঘাত করে। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রিয়াদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন জানান, গাছে না ওঠায় রিয়াদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে রুবেল। সে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে, তবে তাকে আটকে স্থানীয়রা খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্ত রুবেলকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর