যুব উন্নয়নের পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় তৌকির কারাগারে
উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় চক্রের সদস্য তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (এসআই) রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে গ্রেপ্তার করা হয়।
নথি থেকে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে ২৪২টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগের প্রথম ধাপে ১০ অক্টোবর ঢাকা মহানগরীর ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর প্রায় ৫৪ মিনিট আগে সকাল ১০টা ৬ মিনিটের দিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশের তথ্য পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ফেসবুকে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে অধিদপ্তরের সংরক্ষিত মূল প্রশ্নপত্র মিলিয়ে দেখা হয়। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এতে পরীক্ষা আয়োজনের জন্য বরাদ্দ সরকারি অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের অপচয় হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহণ কিংবা বিতরণের কোনো পর্যায়ে যোগসাজশের মাধ্যমে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় গত ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুর রহমান বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক