রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
রংপুরের কাউনিয়া উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া, তালুকশাহবাজ ও সাব্দী গ্রামে মঙ্গলবার রাতে হঠাৎ এই আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক ঘরের টিনের চালা উড়ে গিয়ে দূরে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।
এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন- নিজপাড়া গ্রামের মুকুল মিয়া, জহির রায়হান এবং আব্দুর রহিম রুবেলের একটি মুরগির খামার। এছাড়া তালুকশাহবাজ গ্রামের মঞ্জু চন্দ্র, আবু তালেব মিয়া, আব্দুল মোতালেব এবং সাব্দী গ্রামের আলেয়া বেগমের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আক্ষেপ করে জানান, ঝড়ের তাণ্ডবে তাদের ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে, যা তাদের আর্থিকভাবে বিপাকে ফেলেছে। এই মুহূর্তে দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে পুনরায় মাথা গোঁজার ঠাঁই তৈরি করা বা স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব হয়ে পড়বে।
কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জরুরি ভিত্তিতে তাদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)