৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রাম
ফেনীর সোনাগাজীতে মাত্র ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি গ্রাম। আজ রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর এলাকায় আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে।
৩০ সেকেন্ডের এই ঘূর্ণিঝড়ে অন্তত ২৫টি ঘরের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা, সড়ক যোগাযোগও ব্যহত হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানায়, কিছু বুঝে উঠার আগেই ঘরবাড়ি তছনছ হয়ে যায়। আকস্মিক দুর্যোগে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে এলাকাবাসী। সড়ক যোগাযোগ সচল করে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগেন চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত নিরাপদ আশ্রয়ে নিয়ে সহযোগিতা করা হয়েছে। পরবর্তী সময়ে তালিকা করে সহযোগিতা করা হবে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী