বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেল শাহ আমানত সেতুর টোল আদায় বুথ
চট্টগ্রামের শাহ আমানত সেতুর (মইজ্জ্যারটেক) টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মইজ্জ্যারটেক টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে আসা সৌদিয়া পরিবহনের বাসটি টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায়ের বুথে সজোরে ধাক্কা দেয়। এতে বুথটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় টোল বুথটির ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাহ বলেন, সকালের দিকে একটি বাসের ধাক্কায় টোল আদায়ের একটি বুথ ভেঙে গেছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম