ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা চোর, বৈদ্যুতিক খুঁটির মাথা থেকে নামাল ফায়ার সার্ভিস
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে আটকা পড়ে এক চোর। পরে তাকে উদ্ধার করতে ছুটে আসে ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস সদস্যরা জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন৷
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে উদ্ধার হওয়া অভিযুক্ত লিটন উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নালের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারের পাশে ইটভাটার পিছনে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে খুঁটি বেয়ে ওঠে এক চোর। চুরি করার সময় স্থানীয় একজন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে ঘিরে ফেলে। এসময় নিচে থাকা এক চোরকে আটক করে স্থানীয়রা। শতশত মানুষের ভয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোর ভয়ে নিচে নামেনি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা একঘণ্টার চেষ্টায় চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
তারা আরও জানান, বৈদ্যুতিক খুঁটিতে চোর রয়েছে দেখে বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়; যার কারণে চোর বেঁচে যায়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)