রাতে শেষ হচ্ছে দুই দিনব্যাপী আদিবাসীদের ৩৩৩তম সহরায় উৎসব
আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার প্রত্যয়ে বুধবার শেষ বিকেলে জয়পুরহাট সদর উপজেলায় সহরায় মন্দির চত্বরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আদিবাসী অধ্যুষিত পল্লীপালী গ্রামের- পালী আদিবাসী ঐতিহ্যবাহী বুড়ি কালী সহরায় মন্দির চত্বরে সমাপ্ত হবে দুই দিনব্যাপী এ উৎসব।
আদিবাসীদের এ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব উদ্বোধনের সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি রতন সিংসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতি বছর শ্যামা বা কালী পূজার দুদিন পর পালী আদিবাসী পল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক আদিবাসী সাংস্কৃতিক দল এতে অংশ নেয়। লাল, সাদা ও সবুজ রঙের শাড়িতে সেজে, মাথায় ফুল গুঁজে নিজস্ব ভাষায় গান ও নৃত্যে চারপাশ মাতিয়ে তোলেন দলের সদস্যরা। ঢাক আর শাঁখের তালে তাদের এই পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
সহরায় উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরের চারপাশে বসেছে জমজমাট গ্রামীণমেলা। মণ্ডা-মিঠাই, হরেক রকমের খেলনা আর নাগরদোলার উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে সব বয়সী মানুষের পদচারণায়।
আদিবাসীদের এই বর্ণিল আয়োজন শুধু বিনোদনই নয়, বরং তাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট