সরকারই আ.লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে : নাহিদ ইসলাম
‘সরকারই নানাভাবে আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে’ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সংবিধান সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সোশ্যাল মিডিয়ায় সমালোচনাকারী ও সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে কেবল সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে।
ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন ও সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে’—এটি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দিল্লির প্রোপাগান্ডা।
ডিসেম্বরে দলটির নেতাদের ফেরার কোনো সুযোগ নেই উল্লেখ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আট মাস ধরে সরকার নিজেই নানাভাবে আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।
এ ছাড়া শ্রমিক আন্দোলন শুরুর এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করাকে সরকারের গাফিলতি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এই সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতা চালিয়েছে।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট