রাষ্ট্রদ্রোহ মামলা : সাবেক দুই সেনা কর্মকর্তা ফের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল (৪৭)।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দুই আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর আদালতের এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীতে নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিনগত রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে বিজয় দেবাশীষ নারায়ণ পালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে রিমান্ডে পাঠানো হয়।

আদালত প্রতিবেদক