ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগের দুই নেতা ৫ দিনের রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদারকে পাঁচ দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলার আসামিদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এর আগে, গত ১০ নভেম্বর আসামিদেরকে কারাগারে পাঠানো হয়ে। তারা কারাগারে থাকা অবস্থায় গত ১১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে আজ আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নথি থেকে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মাধ্যমে অজ্ঞাতনামা ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। এ সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করে।

আদালত প্রতিবেদক