রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর ৪ দিনের রিমান্ডে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগনেতাদের সঙ্গে যোগাযোগসহ তথ্য পাচারের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরের পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে শুনানি শেষে বাদীর আবেদনে এই রিমান্ড মঞ্জুর করা হয়। সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
এর আগে দুপুরে ন্যায়বিচারের স্বার্থে জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় আনা হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা।
আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। সেই মামলা শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নথিভুক্ত হলে নগরীর পাচলাইশের একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ষড়যন্ত্রমূলক যোগাযোগ এবং স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গত মঙ্গলবার তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। সেখান থেকে বিষয়টি নিশ্চিত হয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, দুটি বার্তা আমরা পেয়েছি। এর মধ্যে একটি হলো ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করার। অন্যটি জান বাজি রেখে মাঠে থাকার বার্তা।
চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. মো শওকত আলী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তাঁর ফোন দুটি পরীক্ষা করে জব্দ করা হয়।
অভিযোগ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।
অপর দিকে জাহাঙ্গীর আলম ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
জাহাঙ্গীর আলম বিসিএস পুলিশ ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম