মাগুরার সাবেক চেয়ারম্যান রানা চার দিনের রিমান্ডে
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানের চার দিন রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন তার সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ ও ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল মমিন।
রানা আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি মাগুরা সদর উপজেলার ভাইনা চোপদারপাড়া এলাকায়। গ্রেপ্তারের আগে তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে বসবাস করছিলেন।

নিজস্ব প্রতিবেদক