নওগাঁয় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
পেশাগত ব্যস্ততার মাঝেও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম রাহিদুজ্জামান রানা তার মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। কখনও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া, কখনও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা, আবার কখনও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা- পেশার পাশাপাশি নিজ উপজেলা নওগাঁর মহাদেবপুরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
চলতি মৌসুমে শীতের শুরুতে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে ডা. রানা তার প্রতিষ্ঠিত ‘কাশেম আলী সরদার-জয়নব বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এস এম রাহিদুজ্জামান রানা।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৪০০ অসহায় মানুষের কাছে এ কর্মসূচির মাধ্যমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে শীতের কষ্টে থাকা দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো সম্ভব হয়।
ডা. এস এম রাহিদুজ্জামান রানা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের হৃদরোগ বিভাগে কর্মরত। চিকিৎসাসেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার মানুষের জন্য নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে প্রতি মাসে অসহায় মানুষের মাঝে খাদ্যসহায়তা, আর্থিক সহযোগিতা, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং সামাজিক সহায়তা প্রদান করা হয়।
নিজের এই উদ্যোগ সম্পর্কে ডা. এস এম রাহিদুজ্জামান রানা বলেন, নিজ এলাকার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন প্রয়োজনের সময় সহযোগিতা পান, সে চেষ্টাই করি। মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই নিজের কাছে ভালো লাগে। সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।
শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন রওশন আরা ও ময়ণাসহ একাধিক উপকারভোগী নারী। তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষও যদি এভাবে অসহায়দের পাশে এগিয়ে আসতেন, তবে দরিদ্র মানুষদের কষ্ট অনেকটাই কমে যেত।
শীতবস্ত্র বিতরণকালে কাশেম আলী সরদার-জয়নব বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাহানা সুলতানা শোভাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)