কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মহাসড়কে বাসচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস ও বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী, এক শিশু এবং একজন পুরুষ রয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
সিফাতুল মাযদার বলেন, ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ায়, সেটি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার