বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনস্থ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে।
তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রটি গতকাল সোমবার (২৩ নভেম্বর) জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ নয়টি শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে ইউএনও ও জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রথম শ্রেণির কর্মচারী (কর্মরত বা অবসরপ্রাপ্ত), অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা সমাজসেবক এবং প্রতিষ্ঠাতার মধ্য থেকে ৩ জনের নামের প্রস্তাব পাঠাবেন। শিক্ষা বোর্ড তাদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে শিক্ষাগত যোগ্যতার শর্তপূরণ সাপেক্ষে তাদের মধ্য থেকে অথবা উল্লিখিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
এ ছাড়া পুনর্গঠিত প্রতিটি কমিটিতে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি) সংশ্লিষ্ট সভাপতি বা আহ্বায়ক কর্তৃক স্থানীয় পর্যায়ের ৩ জন গণ্যমান্য ব্যক্তিকে (একজন নারী প্রতিনিধিসহ) সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)