আগুনে বসতঘর ও দুই গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই
চাঁদপুরের মতলব উত্তরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে লাগা আগুনে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা যায়।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও পার্শ্ববর্তী গোয়ালঘরে। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘর, গোয়ালঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গরু মারা যায়।
আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করার পর ফায়ায় সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার একমাত্র দোচালা বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা গর্ভবতী গরু দুটিকেও তিনি রক্ষা করতে পারেননি। নিঃস্ব হয়ে পরিবার-পরিজন নিয়ে এখন তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন।
মতলব উত্তর ফায়ার সার্ভিসের ইনচার্জ কফিলউদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর