হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজন আটক
ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর থেকে গভীর রাত পর্যন্ত নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়েছিল। তাকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা অতর্কিত পুলিশের ওপর চড়াও হন। হামলাকারীরা ধস্তাধস্তির একপর্যায়ে শতাধিক মানুষের সহায়তায় পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন এবং হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এই আকস্মিক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিকেলে আসামির বাড়িসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হলেও অভিযুক্তরা আত্মগোপন করেন। আটক সাতজনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে—তারা হলেন ভরতকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), বরিশালের বাবুগঞ্জের রাশেদ মৃধা (২৫) এবং নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার শহিদুল ইসলাম (২৮)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নলছিটির বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।

কে এম সবুজ, ঝালকাঠি