গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছেন শ্রমিকরা, পুরোদমে চলছে উৎপাদন
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর অবশেষে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ। ঘোষিত মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সম্মতি জানানোয় আন্দোলন থেকে সরে এসে কর্মস্থলে ফিরেছেন পোশাক শ্রমিকরা। এতে পুনরায় সচল হয়েছে কলকারখানার চাকা, পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। শ্রমিকদের ব্যাপক উপস্থিতি এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচলে শিল্পাঞ্চলে স্বস্তি ও স্থিতিশীলতা দেখা দিয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলাবাজার এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকরা। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। সরকার গঠিত মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন। এ বাস্তবায়নের আশ্বাসে দীর্ঘদিনের উত্তেজনা কাটিয়ে কারখানায় উৎপাদনের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেওয়ায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. সোহেল রানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ মোট ২১ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন। কারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। আন্দোলনের একপর্যায়ে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বহু শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। বাংলাবাজার এলাকায় বিক্ষোভের ভিডিও ধারণকে কেন্দ্র করে মারধরের শিকার পোশাকশ্রমিক তৌফিক হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তবে মজুরি বৃদ্ধির প্রস্তাবে সুরাহা হওয়ায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারিতে গাজীপুরের শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

নাসির আহমেদ, গাজীপুর