জামায়াতের হাতে নারীরা নিরাপদ নয় : রাশেদ খাঁন
জামায়াতের হাতে বাংলাদেশের নারীরা নিরাপদ নয়। সুতরাং জামাত যদি কখনো ভবিষ্যতে ক্ষমতায় যায়, তাহলে নারীদের সঙ্গে কি ধরনের আচরণ করা হবে? অর্থাৎ জামায়াত এই মুহূর্তে আসলে নারী স্ক্যান্ডালের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ শুক্রবার (৬নভেম্বর) ঝিনাইদহ জেলা শহরের একটি মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বর্তমান নানা ইস্যু নিয়ে কথা বলেছেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন বলেন, মিয়া গোলাম পরওয়ার যেভাবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো। এর আগে গাজী নজরুলের কাণ্ড। সেটিও শুরুতে ধামাচাপা দিতে চেষ্টা করেছিল। অর্থাৎ জামাতের নেতারা অপরাধ করলে সেই অপরাধগুলো যতক্ষণ না পর্যন্ত ভাইরাল হয় বা সেটার প্রমাণ গণমাধ্যমে প্রকাশিত হয়, আমরা দেখি যে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। লম্পটদের নিয়ে জামায়াত রাজনীতি করতে পারে না। জামায়াত আসলে সঠিক পথে নেই, জামায়াত ইসলামের পথে নেই, জামায়াত মুনাফিকীর পথে রয়েছে এবং জামাতের নেতাদের একের পর এক নারী কেলেঙ্কারি এটা কিসের ইঙ্গিত? জামায়াতের হাতে বাংলাদেশের নারীরা নিরাপদ নয়। সুতরাং জামায়াত যদি কখনও ক্ষমতায় যায়, তাহলে নারীদের সঙ্গে কী ধরনের আচরণ করা হবে? অর্থাৎ জামায়াত এই মুহূর্তে আসলে নারী স্ক্যান্ডালের দলে পরিণত হয়েছে। ইসলামকে পুঁজি করে, মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতায় যেতে চায়। সুতরাং জামায়াতের মধ্যে এখন যে পরিমাণ দুর্বৃত্তরা ঢুকে পড়েছে, বিশেষ করে সেই জুলাই গাদ্দার মেজর আক্তার, মেজর আক্তার সেই ফেস দ্য পিপলের টকশোতে আমাকে বলেছিল, আমরা নাকি রাজাকারের সন্তান। এমনকি যারা আন্দোলনকারী সবাইকে রাজাকারের সন্তান বলেছিল। অতীতে জামায়াত সম্পর্কে মেজর আক্তার বলেছিল জামায়াত হলো রগ কাটার দল, জামাত সন্ত্রাসী দল। সেই মেজর আক্তার নাকি এখন জামায়াতের নেতা হয়েছে, সে নাকি সারা বাংলাদেশের নেতা। জামায়াতের ছাত্রী সংস্থার নেত্রীরা দেখলাম তার সঙ্গে ছবি তুলছে।
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, যিনি ওয়াজের মাঠে সৎ লোকের শাসনের কথা বলেন, ন্যায়-নীতির কথা বলেন, সেই ব্যক্তির যদি এ ধরনের নারী স্ক্যান্ডাল বের হয়—সেটি কি আসলে গ্রহণযোগ্য? আমির হামজাকে দল থেকে বহিষ্কার করে এমপি পদ বাতিলের জন্য আবেদন করার জন্য জামায়াতকে পরামর্শ দেন তিনি। আমির হামজার এই নারী ঘটিত ব্যাপার সম্পর্কে জামায়াতের আমির নিজেও জানেন—এমন দাবি করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের শীর্ষ নেতারা এই বিষয়গুলো জানেন এবং ওই সময় আসলে এটি নিয়ে তাদের কেন্দ্রীয় মগবাজারের অফিস সেখানে আলোচনাও হয়েছিল এবং সেই সময় আমির হামজাকে নমিনেশন দেবে কি দেবে না—সেটি নিয়েও এক ধরনের আলোচনা ছিল, তার পরও সেখানে আসলে জামায়াতের কোনো ভালো প্রার্থী ছিল না, এ কারণে আমির হামজাকে নমিনেশন দিয়েছিল।
এনসিপি ও জামায়াত প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, অনেকই যে স্বপ্ন নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিল তাদের অনেকেই বের হয়ে যাচ্ছে। সামন্তা শারমিনদের দলে ধরে রাখতে না পারা এনসিপির ব্যর্থতা। এনসিপিকে অবশ্যই জামায়াত থেকে বের হয়ে আসতে হবে। অন্যথায় আরও অনেকে বের হয়ে যাবে। জামায়াতের বাংলাদেশে রাজনীতি সেই রাজনীতি হলো ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা।
রাশেদ খাঁন আরও বলেন নাসিরউদ্দিন পাটওয়ারী এর আগে জামায়াত সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, জামায়াত সংস্কার চায় না, জামায়াত আসলে সংস্কারের নামে ভণ্ডামি করছে। ঠিক একই ধরনের অভিযোগ এনে সামান্তা শারমিন পদত্যাগ করেছেন। রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, তার মানে কি এই অভিযোগগুলো সত্য? এবং জামায়াতের যে বাংলাদেশে রাজনীতি সেই রাজনীতি হলো ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। বিদেশিদের সঙ্গে বৈঠক করে তারা বলে যে আমরা কোথায় বলেছি আমরা ক্ষমতায় গেলে শরীয়া আইন কায়েম করব, অথচ তাদের গঠনতন্ত্রেই উল্লেখ করা আছে যে তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন কায়েম করবে। জামাতের সঙ্গে যারা জোটসঙ্গী আছে তাদের নেতাদের জামায়াত বলে যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করব।
রাশদ খাঁন আরও বলেন, আমরা দেখেছি কর্নেল অলি সাহেব জনসভায় এই বক্তব্য দিয়েছেন যে আমাকে জামায়াতের আমির কথা দিয়েছেন যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় বা ১১ দলীয় জোট ক্ষমতায় যায় সেক্ষেত্রে শরীয়া আইন না, প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী দেশ চালাবেন। তার মানে কি জামায়াত যেমনিভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে, ঠিক একইভাবে তার জোটসঙ্গীদের সঙ্গেও প্রতারণা করছে। জামায়াত-এনসিপির মধ্যে আসলে টানাপড়েন চলছে। আমরা মনে করি, জামাতের যে আদর্শ এবং এনসিপির যে আদর্শ একটার সঙ্গে আরেকটার মিল নেই। তেল এবং জলের মতো, তেল এবং জল যেমনিভাবে একসঙ্গে থাকতে পারে না, এনসিপি আর জামায়াতও কোনোভাবেই একসঙ্গে রাজনীতি করতে পারে না। আমি মনে করি নাহিদ ইসলামের উচিত হবে অবশ্যই জামায়াত জোট থেকে বেরিয়ে আসা।
গুম, খুন, ক্রসফায়ার নিয়ে রাশেদ খাঁন বলেন, যারা আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গুম, খুন, ক্রসফায়ারসহ বিভিন্ন অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত ছিল সেই সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে অবশ্যই সরকার আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। ইতোমধ্যে অন্তরবর্তীকালীন সরকারের সময় কিন্তু অনেকে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত যারা অ্যারেস্ট হয়নি, যারা সার্ভিসে রয়েছে তাদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। যদি তদন্তে এটি প্রতিপন্ন হয় যে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে এটির সত্যতা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সরকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
রাশেদ খাঁন দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অবশ্যই ভালো। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেই পরিস্থিতির উন্নতির জন্য কাজ করছেন।
চিত্রনায়িকা পরিমণি কাণ্ড নিয়ে রাশেদ খাঁন বলেন, দৈনিক সমকালের রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে আমি চিনি, অত্যন্ত ভালো ছেলে। তার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি—ঘৃণা প্রকাশ করছি। এ সব তারকার আমি নাম না বলি নাম নিতেও আসলে রুচিতে বাধে, এসব তারকারা সমাজকে কলুষিত করছে, সমাজকে নষ্ট করছে, সমাজকে বিপথগামী করছে। আমি মনে করি এই সমাজের যে অন্যায় অপরাধ সেগুলোকে জাতির সামনে হাজির করছে এই সাংবাদিক রাজুরা। রাজুর সঙ্গে যে অন্যায় হয়েছে আমরা সেই অন্যায়ের বিচার দাবি করছি।

মিজানুর রহমান, ঝিনাইদহ