গোল্ডেন জিপিএ ৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় রুকাইয়া
দরিদ্র্যতা আর নানা প্রতিকূলতার মধ্যেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার হেলাই গ্রামের শিক্ষার্থী রুকাইয়া পারভীন। ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন তিনি। তিনি রকিব মল্লিক ও লাভলী ইয়াসমিন দম্পতির ছোট মেয়ে।
ভালো ফলাফলের আনন্দের মধ্যেও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মেধাবী এই শিক্ষার্থী। তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট।
রুকাইয়া পারভীন ২০২৪ সালে সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান। এরপর সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে নিজের মেধার পরিচয় দিয়েছেন।
রুকাইয়া পারভীনের বাবা রকিব মল্লিক একজন ব্যাটারিচালিত ইজিবাইকচালক। প্রতিদিন ইজিবাইক চালিয়ে তিনি যা আয় করেন, তা দিয়ে কোনোমতে সংসার চলে। মেয়ের পড়াশোনার ব্যয় বহন করা তার জন্য কষ্টসাধ্য। ফলে মেধাবী মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন কীভাবে পূরণ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র বাবার।
রুকাইয়া পারভীন বলেন, আমি ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাই। আমার স্বপ্ন বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ভালো বিষয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করা। সেই লক্ষ্য নিয়েই আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। বাবার একার পক্ষে আমার উচ্চশিক্ষার খরচ বহন করা কঠিন। তাই অনেক সময় মনে হয়, অর্থের অভাবে হয়তো আমার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি পড়াশোনা চালিয়ে গিয়ে একদিন আমার স্বপ্ন পূরণ করতে পারব।’
রুকাইয়ার বাবা রকিব মল্লিক বলেন, ‘আমার মেয়ের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ। সে ছোটবেলা থেকেই ভালো ফলাফল করে আসছে। একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে। বর্তমানে সে খুলনায় কোচিং করছে। কিন্তু আমি একজন সামান্য ইজিবাইকচালক। প্রতিদিন যা আয় করি, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মেয়ের উচ্চশিক্ষার খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। কোনো হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা শিক্ষানুরাগী মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মেয়েটিকে ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমি চাই, অভাবের কারণে যেন আমার মেয়ের মেধা ও স্বপ্ন ঝরে না যায়।’

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)