পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তনগর ট্রেন চালু ১৯ নভেম্বর
অবশেষে আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল বুধবার অনুমোদন করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রেজাউল করিম সিদ্দিকী জানান, অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।
আগামী ১৯ নভেম্বর অপরাহ্নে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তনগর ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে এই ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে দীর্ঘ প্রতীক্ষিত আন্তনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা