পাবনা মানসিক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, পাঁচ জনের কারাদণ্ড
পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটক ঘিরে দালালচক্রের তৎপরতার অভিযোগে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পাবনার গোপন তথ্য ও সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন হাবিল মণ্ডল (৬৫), বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) ও ওয়ারেস (৪০)। ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়া হাফিজুর রহমান মাহফুজ (৪০) নামের অপর একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রশাসনের এ অভিযানের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা নিয়ন্ত্রণ এবং রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা