বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী আরও বেশ কিছু ঘরবাড়ি। সোমবার (৯ নভেম্বর) রাতে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় একটি চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ি জনগোষ্ঠীর এই এলাকার ৬টি বসতবাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায় এবং আশপাশের আরও কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাটি অত্যন্ত দুর্গম এবং উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দুর্গমতার কারণে তাৎক্ষণিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি। তবে স্থানীয় গ্রামবাসীরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান