বান্দরবানে অবৈধভাবে প্রবেশের অপরাধে ৭ রোহিঙ্গা আটক
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে প্রবেশের অপরাধে মিয়ানমারের সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) সকালে তাদের আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে পালিয়ে তারা রামু উপজেলার একটি পাহাড়ি পাড়ায় আশ্রয় নেন। সেখান থেকে গত শনিবার রাতে কাজের সন্ধানে আলীকদম উপজেলায় যাওয়ার পথে বিজিবি ৫৭ ব্যাটালিয়নের জিপি গেটসংলগ্ন সড়কে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা শরণার্থী বলে পরিচয় দেন।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ ছাড়া ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন ও ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, বিজিবি সাতজন রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান