উপকূল রক্ষায় জেলেদের গাছ রোপণ
সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করেই যাঁদের জীবন কাটে, জীবিকার তাগিদে যাদের প্রতিদিন ছুটতে হয় সমুদ্রে, সেই জেলেরাই এবার উপকূল রক্ষায় হাতে তুলে নিয়েছেন গাছের চারা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকায় নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে দুই শতাধিক গাছের চারা রোপণ করেছেন তারা। তাদের আশা, এসব গাছ বড় হলে উপকূলের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীর আশ্রয়স্থল হবে।
রোপণ করা চারার মধ্যে রয়েছে নিম, জাম, আমলকী, বিলম্বি, হরিতকী ও বহেরা। জেলেদের এই উদ্যোগের উদ্দেশ্য শুধু উপকূল সবুজ করা নয়, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখাও।
সাগরপাড়ের এই এলাকার মানুষের জীবন-জীবিকা প্রকৃতির ওপর নির্ভরশীল। উপকূলীয় বন, নদী ও সমুদ্রের পরিবেশের সঙ্গে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বেঁচে থাকা জড়িত। এসব প্রাকৃতিক পরিবেশ নষ্ট হলে মাছের উৎপাদন ও প্রজনন ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরাসরি প্রভাব পড়ে জেলেদের জীবিকায়।
জেলে মো. আল-আমিন হাওলাদার বলেন, গঙ্গামতির উপকূলীয় বন ও প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা জরুরি।
মো. আল-আমিন হাওলাদার আরও বলেন, আমরা চাই, স্থানীয় মানুষ নিজেদের উদ্যোগ ও দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক। শুধু গাছ লাগানো নয়, চারাগুলো রক্ষা ও পরিচর্যার মাধ্যমে দীর্ঘমেয়াদে উপকূলের পরিবেশ সংরক্ষণ করতে চাই।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, উপকূলীয় বন, নদী ও সমুদ্রের পরিবেশ একে অপরের সঙ্গে জড়িত। বিশেষ করে ম্যানগ্রোভ বন ও উপকূলীয় জলাভূমি মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর প্রজনন, আশ্রয় ও খাদ্য পাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে।
মো. আল-আমিন হাওলাদার বলেন, এসব প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হলে জলজ প্রাণীর বৈচিত্র্য ও মাছের সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই উপকূলের পরিবেশ রক্ষা শুধু জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয় নয়, এটি জেলেদের জীবন-জীবিকার নিরাপত্তার সঙ্গেও জড়িত।
বখতিয়ার রহমান আরও বলেন, স্থানীয় জেলেদের নিজেদের উদ্যোগ ও অর্থায়নে পরিবেশ রক্ষায় কাজ করতে উৎসাহিত করা হয়েছে। গঙ্গামতির এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় মানুষের দায়িত্ববোধ ও অংশগ্রহণের একটি ভালো উদাহরণ। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলো রক্ষা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখাও জরুরি।
পরিবেশকর্মীদের মতে, উপকূল সবুজ রাখতে শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলো বড় করে তোলার ব্যবস্থাও করতে হবে। স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় চারাগুলো টিকে থাকলে ভবিষ্যতে তা উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতে পারে।

কাজল বরণ দাস, পটুয়াখালী