তেঁতুলিয়া নদী কেটে তরমুজ প্রজেক্টের বাঁধ নির্মাণ
পটুয়াখালীর বাউফলে এক্সাভেটর (ভেকু) দিয়ে তেঁতুলিয়া নদীর পাড় ও চরের মাটি কেটে তরমুজ প্রজেক্ট রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। নদীপাড় ও তলদেশ থেকে ভেকু দিয়ে মাটি কাটায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী ব্যক্তিরা নদীর মাটি কেটে বাঁধ নির্মাণ করছে।
তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা চর ফেডারেশনে প্রায় ৩৮৫ একর জমিতে তরমুজ প্রজেক্ট করা হয়েছে। প্রিন্স নামে এক তরমুজ চাষি জানান, তিনি ওমর মুন্সী নামে এক ব্যক্তির মাধ্যমে ৪০ একর জমি লিজ নিয়েছেন। সেই জমিতে তরমুজ আবাদ করবেন। তাই বাঁধ নির্মাণ করছেন। নদী কেটে বাঁধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নদী বা চর কাটা যে অবৈধ তা তার জানা নেই।
উপজেলায় সবচেয়ে বেশি তরমুজ আবাদ হয় তেঁতুলিয়া নদীর বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে। এ ইউনিয়নের চর ব্যারেট, রায়সাহেব, চর নিমদী, চর কচুয়া, চর ওয়াডেল, চর মিয়াজানসহ ছোট বড় ১১টি চরে তরমুজ আবাদ হয়। চরগুলোতে তেঁতুলিয়া নদীর পাড়, তলদেশের মাটি ও নতুন জেগে উঠা চর কেটে বাঁধ নির্মাণ করছে প্রভাবশালী ব্যক্তিরা।
পরিবেশবিষয়ক সংগঠন ‘সেইভ দ্য বি অ্যান্ড বার্ডস’-এর পরিচালক এম এ বাশার বলেন, প্রতি বছর নদীর চরাঞ্চলে বিপুল জমিতে তরমুজ চাষ করে কৃষকেরা। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী নদীর তলদেশ ও তীর থেকে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এতে নদীর তলদেশ গভীর হয়ে পানির প্রবাহের গতি বেড়ে যায় এবং পাড়ে ভাঙন তীব্র হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে নদীর পাড়ের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জীবিকাও ঝুঁকিতে পড়তে পারে। এতে স্বল্পমেয়াদে ফসল রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদে কৃষির জন্য ক্ষতির কারণ হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, ‘নদী পাড় বা তলদেশ থেকে মাটি কাটার সুযোগ নেই। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)