ধানক্ষেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
যশোরের কেশবপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নিজেদের হেফাজতে নেয়। নিহত দুজনের বয়স আনুমানিক ৫০ বছর।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা ছিল। আর নারীর পরনে ছিল ম্যাক্সি। স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি।
ওসি আরও বলেন, যশোর থেকে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের উপস্থিতিতে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)