শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত ব্যুরোকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক( এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি মিরপুর মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় আসামি করা হয় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ (এস এম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানসহ অন্যদের। পরে মামলাটি তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
অভিযোগপত্রে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়া হয়। এই কারণ দেখিয়ে মামলার বাদী সিফাতের বাবা কামাল হাওলাদার নারাজি দাখিল করেন।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় এমএস পাওয়ারের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিচ্ছিলেন হাজারো ছাত্র-জনতা। এ সময় পুলিশ গুলি চালালে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন সিফাত। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়।

আদালত প্রতিবেদক