আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, দেলোয়ার রিমান্ডে
ঢাকার সিএমএম ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে তিনদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা ককটেল সদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই ছিল এর উদ্দেশ্য। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত জনসাধারণ দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল কচটেপ, পেরেক ও কাচের টুকরাসহ বেশ কিছু আলামত সংগ্রহ করে।

আদালত প্রতিবেদক