ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে। এ সময় আগের স্থানেই ভোটকেন্দ্র রাখার দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪ থেকে ৫ হাজার ভোটার শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। আসন্ন নির্বাচনে কেন্দ্রটি ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। তাদের মতে, কেন্দ্র স্থানান্তরিত হলে প্রবীণ ও দূরদূরান্তের ভোটারদের যাতায়াতে ভোগান্তি বাড়বে।
এলাকাবাসীর দাবি, বর্তমান উচ্চ বিদ্যালয়টিতে পর্যাপ্ত কক্ষ, বড় ভবন ও বিশাল মাঠ রয়েছে, যা ভোটারদের আগমন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের জন্য অত্যন্ত উপযোগী। পক্ষান্তরে প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়টির পরিসর তুলনামূলকভাবে বেশ ছোট।
মানববন্ধনে আমড়াতলী ইউনিয়নের মোতালেব, ফিরোজ, কামাল হোসেন মেম্বার, মো. আবুল হোসেন, হাজী সফিক মেম্বার, মিনু বেগম, মর্জিনা আক্তার, মো. ইয়াছিন, মো. দুলাল মিয়া, জলিল মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, হানিফ হোসেন, আক্তার, মাহবুব মিয়া ও মানিক মিয়াসহ স্থানীয় অনেকে বক্তব্য দেন।
মানববন্ধন শেষে স্থানীয়দের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুবিধার্থে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়কেই কেন্দ্র হিসেবে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা