এনায়েতপুরের দক্ষিণে কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া সংঘের আয়োজনে এই মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংঘের প্রধান উপদেষ্টা ভূঁইয়া শাহীন সানী।
মানববন্ধনে বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু ও কিশোরদের খেলাধুলা এবং শারীরিক বিকাশের জন্য কোনো খেলার মাঠ নেই।
ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক, মুঠোফোনে আসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
বক্তারা জানান, দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায় সরকারি পর্যাপ্ত জায়গা রয়েছে। মাটি ভরাট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
এ সময় রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান মজনু, একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)