ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
জি কিবরিসাতক্ষীরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার তুজলপুর বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহরাব পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।
সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতের কোনো এক সময় ট্রান্সফরমার খুলে নিচে নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে সোহরাবের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে এলাকার কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখে ট্রান্সফরমার ও তার মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সোহরাবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর কলারোয়া তালা ও ভোমরা স্থলবন্দর)