গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৪৬০০ চারাগাছ বিতরণ
ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটায় যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থার সদস্যদের বসতবাড়ি ও আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণ-উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় মোট ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাঘাটায় সংস্থার সদস্যদের বসতবাড়ি ও আঙিনায় ৪ হাজার ৬০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে উপজেলার পদুমশহর ইউনিয়নের ১ হাজার ১৫০ জন উপকারভোগীর মাঝে চারটি করে- আম, অর্জুন, পেয়ারা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। উপকারভোগী সদস্যরা চারাগুলো নিজ নিজ বসতবাড়ির আঙিনায় রোপণ করবেন।
চারা বিতরণ অনুষ্ঠানে সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এস এম আমিরুল ইসলাম, সাঘাটা উপজেলা যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধি আবু সাইদ তুহিনসহ স্থানীয় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, গৃহস্থালির আঙিনায় এসব ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)