প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে গোলাম কিবরিয়াকে আটক করা হয়। আটক স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করে।
এদিকে ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানালে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে। এরপর আজ বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, তিনি মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে (গোলাম কিবরিয়া লালন) জিজ্ঞাসাবাদ করা হয়। তখন শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট—এমন মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া