গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ড্রেজার ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। তবে প্রশাসনের উপস্থিত টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার নদী ও পয়েন্টে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার পলাশ এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের বালু পয়েন্টে একযোগেই খবর পাওয়া যায় যে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করে। এ সময় নদী ও তীরবর্তী পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হলেও কারসাজির সঙ্গে জড়িত মূল চক্রটি গা ঢাকা দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অভিযানকালে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদী রক্ষা, ভাঙন রোধ এবং পরিবেশের সার্বিক ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)