আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
মিয়ানমার ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরোপুরি লঘুচাপে পরিণত হতে পারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিজস্ব প্রতিবেদক