গাইবান্ধায় জুয়ার অভিযোগে ডিবির অভিযানে আটক ৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ঝংকার ক্লাবে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে তাস ও নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ঝংকার ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়। খেলা অবস্থায় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস এবং নগদ ১৯ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের মো. ফারুক হোসেন ডাবলু, জগদীশপুর গ্রামের আশরাফুল ইসলাম, বুজরুক বোয়ালিয়া গ্রামের শাহজাহান আলী ও রবি কুমার, গোবিন্দপুর এলাকার শফিকুল ইসলাম (আজম), চক গোবিন্দপুর এলাকার মোকলেছুর রহমান, কালিকাডোনা এলাকার রফিকুল ইসলাম ও চক রহিমাপুর এলাকার শাহ আলম সরকার শাজু।
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালিব হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। জুয়া ও অপরাধবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)