পূবালী ব্যাংকের ভেতর থেকে টাকা চুরি, নগদ টাকাসহ গ্রেপ্তার ১
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখা থেকে গ্রাহকের চার লাখ টাকা কৌশলে চুরি করে নেওয়া দুর্ধর্ষ চোরকে নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মেদ ও তানভির হাসানসহ পুলিশের একটি চৌকস দল ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির নাম বিপ্লব হোসেন (৪০)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি করা অর্থের মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. জাকির হোসেন জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ওই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে দুই নারী স্বজনের সঙ্গে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় ওত পেতে থাকা চোর পেছনের দিক থেকে অত্যন্ত কৌশলে বান্ডিল থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন।
ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা চুরির এই দৃশ্যের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
টাকা ও চোর উদ্ধারের বিষয়ে স্বস্তি প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন বলেন, ঋণের টাকা চুরি হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। পুলিশ চোরসহ কিছু টাকা উদ্ধার করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান এবং বাকি টাকাও উদ্ধারের আশা প্রকাশ করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে তৎপর ছিল। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)