‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ সদস্য বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ, ম্যাগাজিন এবং ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম জমা দেন।
আত্মসমর্পণকারীরা হলেন- নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭), আব্দুর রহমান শেখ (৩৬), শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজি (৩৯), আজিজুল গাজী (৩৫), শাহজাহান মালী (৩৫) ও আজিজুর রহমান (৪৫)।
কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে ছোট সুমন, বড় জাহাঙ্গীর ও ছোট জাহাঙ্গীর বাহিনীর মোট ৩৭ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সুন্দরবনের সক্রিয় বনদস্যুদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

আবু হোসাইন সুমন, মোংলা