নৌপরিবহণমন্ত্রীকে বন্দরের প্রতীকী ‘উন্নয়ন চাবি’ উপহার
নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমকে মোংলা বন্দরের ‘উন্নয়ন চাবি’ উপহার দিয়েছেন বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর জেটিতে আয়োজিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের হাতে এ চাবিটি তুলে দেন জুলফিকার আলী।
জুলফিকার আলী বলেন, মোংলা বন্দর হলো তালা, সেই তালা খোলার জন্য অর্থাৎ উন্নয়ন করার জন্য নৌপরিবহণমন্ত্রীকে এই ‘উন্নয়ন চাবি’ উপহার দেওয়া হয়েছে। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি উন্নয়ন ছাড়া বন্দর সচল করা সম্ভব নয়।
জুলফিকার আলী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর এবং শেখ রবিউল আলম নৌপরিবহণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে মোংলা বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি তার প্রচেষ্টায় মোংলা বন্দরের ব্যাপক উন্নয়ন হবে। এতে ব্যবসায়ীরা আগ্রহী ও লাভবানের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখবে মোংলা বন্দর। তাই এই মোংলা বন্দরের উন্নয়নের চাবি তাকে দেওয়া হয়েছে। এই চাবি হলো তার উন্নয়নের ধারা। মোংলা বন্দরকে ঘিরে যে উন্নয়ন শুরু হয়েছে তার ধারা যেন অব্যাহত থাকে সেই দাবিও তাকে জানানো হয়েছে। তিনিও মোংলা বন্দরের উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

আবু হোসাইন সুমন, মোংলা