নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ছবি : এনটিভি
খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পুলিশসহ স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল