নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ৮
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি মেম্বার মো. সোহেল ও আবেদ গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চলা আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সকালে চরকান্দিপাড়ায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রাব্বী বলেন, সংঘর্ষে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি, গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করতে পারবেন।
ওসি আরও বলেন, সংঘর্ষে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল