মাগুরায় ৩২৮ বস্তা সার জব্দ, থানায় মামলা
মাগুরা জেলার শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা পটাশ ও ফসফেট সার জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দার নামে দুই ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
শ্রীপুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন বাদী হয়ে আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ওই দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেন। এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক।
স্থানীয় ও কৃষি অফিসের তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম আমলসার পূর্বপাড়া গ্রামের বদিয়ার জোয়ার্দারের ছেলে শহীদ জোয়ার্দার আমলসার বাজারের দোকানঘরে ও বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৩২৮ বস্তা সার জব্দ করে শ্রীপুর থানার হেফাজতে নেওয়া হয়৷
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, উপজেলা কৃষি অফিস কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে সার পেতে নিরলস কাজ করছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রত্যেক ডিলার, সাব-ডিলার ও ব্যবসায়ীদের তদারকি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি অভিযানে সার জব্দ ও জরিমানা করেছি। এমন অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া দুই ব্যক্তির নামে থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, কৃষকদের ভোগান্তিতে ফেলে অবৈধ মজুদের সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে বাজার ও সার সরবরাহ কেন্দ্রগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা