অবৈধভাবে ২২ হাজার কেজি চাল মজুদ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
নওগাঁর মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার ২০ কেজি চাল অবৈধভাবে মজুদ এবং লাইসেন্স ছাড়াই চালকল পরিচালনার অভিযোগে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (নিয়ন্ত্রণ) আইন ২০২৩ অনুযায়ী মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলাটি করেন। মামলায় মিজানুর রহমান মিলন নামের এক চাল ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে। গত ১৬ নভেম্বর রাত ১১টায় এই অবৈধ মজুদকৃত চাল উদ্ধারের পর থেকেই ওই চাল ব্যবসায়ী আত্মগোপনে রয়েছেন।
জানা যায়, ২২ হাজার ২০ কেজি চাল উদ্ধারের পর গত ১৯ নভেম্বর মহাদেবপুর থানায় জিডি নম্বর ৯৬৭-এর পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম জিডিটি তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগকারী খাদ্য পরিদর্শক মো. সোহেল রানার জবানবন্দি গ্রহণ করেন এবং জিডিতে উল্লেখিত অভিযোগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিবেদন পর্যালোচনা করেন।
পর্যালোচনা শেষে জব্দ করা চাল সরকারি গুদামের চাল না হলেও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় চাল মজুদ রাখার বিষয়টি এবং লাইসেন্সবিহীন চালকল পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট আইনের ৪, ৬ ও ৭ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করেন। এরপর সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শককে এজাহারকারী করে নিয়মিত মামলা রুজুর জন্য মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলা রুজুর পর এজাহার ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আদালতের ওই নির্দেশনার পর মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে শুক্রবার বিকেলে মহাদেবপুর থানায় মামলাটি করেন। মামলায় মিজানুর রহমান মিলন নামের এক চাল ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে।
গত ১৬ নভেম্বর রাত ১১টার দিকে ডিজিএফআইয়ের দেওয়া তথ্য মতে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ পুলিশ ফোর্স ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মিলন নামের এক চাল ব্যবসায়ীর ভাড়া করা গোডাউনে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তায় ২২ হাজার ২০ কেজি চাল উদ্ধার করেন। উদ্ধার করা চালগুলো বর্তমানে মহাদেবপুর সদর খাদ্য গুদামে সংরক্ষিত রয়েছে বলে জানান মামলার এজাহারকারী সোহেল রানা।

আসাদুর রহমান জয়, নওগাঁ