কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাভারের আহমেদের দাফন সম্পন্ন
লাশবাহী গাড়িতে সাভারের ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ। ছবি : এনটিভি
ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাভারের ব্যবসায়ী আহমেদ বাবুর (৩৭) মরদেহ দেশে পৌঁছানোর পর দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) সকালে সাভারের হিজলা পাঁচ মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত আহমেদ বাবু সাভারের আমিনবাজার বেগুনবাড়ি গ্রামের আদম আলীর ছোট ছেলে। তিনি স্থানীয় এম এ হোসেন টাওয়ারে ‘কিউট কসমেটিক্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তার পরিবারে স্ত্রী, ৯ বছরের এক মেয়ে ও ৪ বছরের এক ছেলে রয়েছে।
গত ১৯ আগস্ট রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতজন বাংলাদেশির মধ্যে ছিলেন আহমেদ বাবু। গতকাল শনিবার দিনগত মধ্যরাতে তার মরদেহ সাভারের আমিনবাজারে এসে পৌঁছালে পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জাহিদুর রহমান