সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ, অর্ধশতাধিক কারখানা বন্ধ
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা– তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও আজ শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক কারখানা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের পর দাবি আদায়ের কর্মস্থল ছেড়ে ঢাকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে নেমে আসে শ্রমিকরা। এতে এ সড়কে যান চলাচল ব্যহত হয়।
অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও বিভিন্ন কারখানার সামনে দিনভর সতর্ক অবস্থায় দেখা গেছে পুলিশ ও বিজিবির সদস্যদের।
এদিকে দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে আজ সোমবার তৃতীয় সভায় বসার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়নি।
ওই সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। সভা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেছেন, চলমান শ্রমিক আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে ভিন্ন কারণ।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারে বন্ধ ৫৪টি তৈরি পোশাক কারখানার মধ্যে ১৪টি অনির্দিষ্টকালের জন্য, শ্রম আইনের ১৩ (১) ধারায় ৩৫টি এবং মৌখিক ঘোষণা দিয়ে বন্ধ রাখা হয়েছে পাঁচটি পোশাক কারখানা।
এসব কারখানার সামনে ঝুলতে দেখা গেছে কারখানা বন্ধের নোটিশ। নোটিশে উল্লেখ করা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাই কারখানা বন্ধ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেয়। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রস্তুত রাখা হয় পুলিশের জল কামান ও এপিসি। শিল্পাঞ্চলের সুরক্ষায় মোতায়েন করা হয় ১৫ প্লাটুন বিজিবি।
তবে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। মধ্যাহ্ন ভোজের বিরতিতে সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। এ সময় তারা সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে শ্রমিকরা অন্য কারখানার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই নিয়ে দুপুরের পর উত্তেজনা ছড়ায় ঐ শিল্পাঞ্চলে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ, অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও সংঘর্ষে উৎপাদনের পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
গত শনিবার জরুরি বিশেষ বৈঠকে বসে এমন অবস্থা চলতে থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করা হবে বলে ঘোষণা দেয় তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে না ফিরলে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার মতো কঠোর এবং অনিবার্য সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, আবার একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে’—এ দুটি একসঙ্গে চলতে পারে না।
শিল্প পুলিশ ১-এর সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ইতোমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। ওই ধারায় বলা আছে- 'কাজ নেই তো বেতন নেই', অর্থাৎ যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিনের মজুরি পাবে না শ্রমিকরা।
গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করে শ্রমিকপক্ষ। অন্যদিকে, তৃতীয় বৈঠকেই তৈরি পোশাক কারখানার মালিকপক্ষের নিজেদের প্রস্তাব জমা জমা দেওয়ার কথা থাকলেও বৈঠক স্থগিত হওয়ায় সেটিও পিছিয়ে যায়।

জাহিদুর রহমান