স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার হতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে তাকে মুক্তি দেওয়া হয়। ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হয়ে তিনি রাজধানী ঢাকার কলাবাগানের উদ্দেশে রওনা হন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি। তবে তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বলয় থাকবে। এর আগে বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে ৪ দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য সেই আবেদন মঞ্জুর করা হয়।
দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বলেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ