দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছে প্রিজন ভ্যান
স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন কার্যক্রম শেষে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগনেত্রী ডা. দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছে প্রিজন ভ্যান। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা এবং বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এরপর বেলা ৩টা ১৫ মিনিটে বনানী থেকে ডা. দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ কারাগারের উদ্দেশে রওনা হয়। ৬টা দুই মিনিটে প্রিজন ভ্যানটি জেলা কারাগারে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে আজ সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীকে শেষবার দেখতে এবং দাফন কার্যক্রমে অংশ নিতে ডা. দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যানটি।
ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ