শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক আর নেই
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় রেজাউল হক রতনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
মরহুম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। তার বাবা ছিলেন ওই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার প্রতিষ্ঠিত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর পৈতৃক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জাবেদ হোসাইন, চাঁদপুর (হাজীগঞ্জ-কচুয়া-শাহরাস্তি)