কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ
টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে দিনাজপুরের খানসামা বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১২০ টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।
আজ রোববার (২৬ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় অনেক কম। কয়েকটি দোকানে সীমিত পরিমাণে কাঁচামরিচ পাওয়া গেলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক ক্রেতাই প্রয়োজনীয় পরিমাণ কাঁচামরিচ কিনতে পারছে না।
স্থানীয় ক্রেতা সুজন ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মধ্যে কাঁচা মরিচের এমন মূল্যবৃদ্ধিতে তাদের ভোগান্তি আরও বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়েছে। ফলে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। সরবরাহ সংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
খানসামা বাজারের সবজি বিক্রেতা শাহিনুর ইসলাম বলেন, বর্তমানে চাহিদার তুলনায় কাঁচামরিচের সরবরাহ কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)